আলোচিত মাইকেল চাকমা ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন

সোমবার তিনি লিখিত অভিযোগ জমা দেন 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাইকেল চাকমা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ছবি-সংগৃহিত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাইকেল চাকমা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ছবি-সংগৃহিত।

প্রকাশিত: 

গুমের শিকার হয়ে আলোজনায় আসা মাইকেল চাকমা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন।  

সোমবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এ অভিযোগ জমা দেন। এর আগে তিনি গত গত ১৮ ডিসেম্বর তাকে পাঁচ বছর গুম করে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিক অভিযোগ করেছিলেন। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।

মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা। আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার এই ইউপিডিএফ নেতা দায়ীদের বিরুদ্ধে অভিযোগ করতে ট্রাইব্যুনালে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।

মাইকেল সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের ৯ এপ্রিল সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে তিনি গুমের শিকার হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার কর্মীরা তখন উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়। পরবর্তীতে উচ্চ আদালতে রিট করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে গুমের শিকার অন্য অনেকের সাথে তিনিও মুক্তি পান।