চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ১৭০ সদস্যের পদত্যাগ

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ১৭০ সদস্যের পদত্যাগ
প্রকাশিত

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৩ সদস্যের কমিটির ১৭০ জন সদস্য পদত্যাগ করেছেন। কমিটির বেশিরভাগ সদস্যের পদত্যাগের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই পদত্যাগের বিষয়টি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, যারা আন্দোলন ও সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মতামত ও পরামর্শ ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে। এতে করে আন্দোলনে অংশগ্রহণকারী মূল সদস্যদের উপেক্ষা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এছাড়াও, কমিটির তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের সম্পর্কে স্থানীয় শিক্ষার্থীরা অবগত নন এবং একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে তারা দাবি করেন।

পদত্যাগকারী শিক্ষার্থী মুজাহিদ শিহাব, সাকিব হোসাইন ও সাগর হোসেন বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই বিপ্লবে চাঁদপুরে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এমনকি তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের সম্পর্কে আমরা জানি না। তাদের নাম কীভাবে তালিকায় এলো, তা আমাদের কাছে অস্পষ্ট।"

তারা আরও বলেন, "কুমিল্লার দায়িত্বে থাকা হামজা ভাই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সবার মতামত নিয়ে কমিটি গঠন করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু তারা সঠিক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। চাঁদপুরের ছাত্ররা দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, শুধু পদ বা ক্ষমতার জন্য নয়।"

ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও ব্যাপক পদত্যাগের ঘটনায় আন্দোলনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নে আরও জোরালো আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com