

জেলেদের মাছ ধারার নৌকা/ফাইল ছবি
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ হয়ে ফিরছেন জেলেরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের। যা পাওয়া যাচ্ছে তা তুলনায় একেবারেই কম।
গতকাল শনিবার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে সাগরের প্রায় ৬-৭ মণ ইলিশ উঠেছে। তবে নদ-নদীর ইলিশ ছিল ৫০-৬০ কেজি। ইলিশ ধরা না পড়লেও জেলেদের জালে পাঙাশ, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগর থেকে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আসার পথে বাধার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে চর জেগে ওঠা ও পানিদূষণের কারণে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না।
ইলিশের সরবরাহ কমায় বাজারে দামও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ৪০০-৫০০ টাকা।
চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, চাঁদপুরে এখন ইলিশ নেই বললেই চলে। যা আছে তা হাতিয়া, সন্দ্বীপ ও রামগতি থেকে এসেছে। লোকাল ইলিশ বলতে গেলে নেই। বিভিন্ন অঞ্চল থেকে আসা মাছের আকারও বড় নয়।