বাংলা সাহিত্য ও গণমাধ্যমের উজ্জ্বল নক্ষত্র ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

বাংলা সাহিত্য ও গণমাধ্যমের উজ্জ্বল নক্ষত্র ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ
প্রকাশিত

শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের আজ জন্মদিন। ৭২ বছরে পা রাখলেন একুশে পদকপ্রাপ্ত এই মিডিয়া ব্যক্তিত্ব। 

ফরিদুর রেজা সাগর শতাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছেন; যার অধিকাংশই দেশে ও বিদেশি চলচ্চিত্র উৎসবে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার ও সম্মাননা বয়ে এনেছে। পাশাপাশি তিনি শতাধিক গ্রন্থের লেখক। তার লেখা ‘ছোট কাকু সিরিজ’ ছোট-বড় সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে।

এ পর্যন্ত ৩০টিরও বেশি ছোটকাকু সিরিজের বই প্রকাশ হয়েছে। বড়দের জন্যও লিখেছেন নানা ধরনের বই। ভ্রমণ বিষয়ক গ্রন্থ ’ভ্রমণ ভ্রমিয়া শেষে’ ছাড়াও বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থা নিয়ে স্মৃতিকথামূলক গ্রন্থ ‘একজীবনে টেলিভিশন’, ‘টেলিভিশন জীবনের সঙ্গী’ ও ‘আরেক জীবনে টেলিভিশন’ বইগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার লেখা ‘এক জীবনে টেলিভিশন’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লেখকের লেখা গল্প ‘অমি ও আইসক্রিম’অলা’ ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে।

কিশোরসমগ্র গ্রন্থ প্রকাশ হয়েছে তেরোটি। দেড় শতাধিক গ্রন্থ প্রকাশ হয়েছে খ্যাতনামা প্রকাশনা থেকে।

২০১৬ সালে একুশে পদক, ২০০৪ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনার জন্য ৯ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ প্রযোজকের প্রযোজিত চলচ্চিত্রগুলো এযাবৎ ২১১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি আরও পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, টেনাশিনাস পদক, ইউরো শিশুসাহিত্য পুরস্কার ও দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টপাধ্যায়, সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন, হাসান আজিজুল হক, হুমায়ূন আহমেদ, আহমেদ ছফা, ইমদাদুল হক মিলন, মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ খ্যাতিমান লেখকদের সাহিত্যকর্ম নিয়ে বহু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। এ পর্যন্ত তিনি শতাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছেন। যার অধিকাংশই বিভিন্ন দেশি ও বিদেশি চলচ্চিত্র উৎসবে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার ও সম্মাননা বয়ে এনেছেন।

ফরিদুর রেজা সাগরের বাবা মরহুম ফজলুল হক এ দেশের চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। মা রাবেয়া খাতুন দেশের প্রথিতযশা কথাসাহিত্যিক ছিলেন।

 তার স্ত্রী কনা রেজা। দুই কন্যা মেঘনা ও মোহনা। একজন চিকিৎসক; অন্যজন স্থপতি।

ফরিদুর রেজা সাগর বাংলা একাডেমির একজন ফেলো, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা সদস্য। ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা এবং বর্তমানে বিভিন্ন শিশু সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, এসব সংগঠনের তিনি চ্যারিটি মেম্বার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com