স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে কিছু সড়ক, যান চলাচলে বিশেষ নির্দেশনা

স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে কিছু সড়ক, যান চলাচলে বিশেষ নির্দেশনা
প্রকাশিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা সম্বলিত গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্টকে ঘিরে এই বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার ডিএমপির পক্ষ থেকে দেয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ (বিকাল ৪টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান দুটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনৈতিক, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট (সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা) অনুষ্ঠিত হবে। এ অবস্থায় অনুষ্ঠানগুলো ঘিরে নাগরিকদের চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা
জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিম্নোক্ত সড়কসমূহে অন্য কোনো যানবাহন চলাচল করবে না।বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং। প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)। সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং। জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং।

ডাইভারশন থাকবে যেসব সড়কে
প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত। আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত। শিশুমেলা ক্রসিং হতে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড (আগারগাঁও)। জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন)। খেজুরবাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং।

ডাইভারশন পয়েন্টে যান চলাচল ব্যবস্থাপনা
ডাইভারশন চলাকালে নাগরিকদের জাহাঙ্গীরগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুররোড দিয়ে চলাচল করবে।

মিরপুর-১০থেকে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী/বিজয় সরণি/ফার্মগেট/ধানমন্ডি/নিউমার্কেটগামী যানবাহনসমূহ আগারগাঁও লাইট ক্রসিং হতে রাইট টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ফার্মগেট/বিজয় সরণি থেকে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ধানমন্ডি থেকে আসা যানবাহন রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া/শেওড়াপাড়া/মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

মিরপুর-শ্যামলী-শিশুমেলা থেকে আসা যানবাহন বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ-খেজুরবাগান-ফার্মগেট-বিজয় সরণি দিয়ে চলাচল করবে।

বঙ্গভবন কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা
বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিচের সড়কগুলোতে অন্য কোনো যানবাহন চলাচল করবে না। আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্থান চত্বর ক্রসিং পর্যন্ত)। ডিআইটি রোডের গুলিস্থান চত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং। ডিআইটি রোডের দৈনিক বাংলা ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং। ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্কের দক্ষিণ-পূর্ব প্রান্ত (আহাদ পুলিশ বক্স) থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত। দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, পূবালী পেট্রোল পাম্প গ্যাপ, সিটি সেন্টার গ্যাপ, ২৪ তলা গ্যাপ, রাজউক ক্রসিং গ্যাপ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ডাইভারশন থাকবে যেসব সড়কে
জিরো পয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত, রাজউক ক্রসিংয়ের পূর্ব প্রান্ত, অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত, হানিফ ফ্লাইওভারের আউটগোয়িংয়ের বামপাশ (পার্ক সংলগ্ন), জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত, দৈনিক বাংলা মোড়ের দক্ষিণ প্রান্ত
রাজউক ক্রসিংয়ের উভয়পাশ, মতিঝিল সিটি সেন্টারের দক্ষিণ প্রান্ত, বক চত্বর হয়ে ২৪তলা বিল্ডিং পর্যন্ত।

ডাইভারশন পয়েন্টে যান চলাচল ব্যবস্থাপনা
আব্দুল গণি রোড থেকে আসা অতিথিদের গাড়ি ছাড়া অন্য যানবাহন বামে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর অভিমুখে চলাচল করবে।

ফুলবাড়িয়া-গোলাপশাহ মাজার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট হয়ে ইউবিএল ক্রসিং-নাইটিংগেল-রাজমনি অভিমুখে চলাচল করবে।

মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট থেকে ইউবিএল/গোলাপশাহ/হাইকোর্ট হয়ে চলাচল করবে।

ইউবিএল থেকে গুলিস্থানগামী যানবাহনসমূহ জিরো পয়েন্ট-গোলাপশাহ-ফুলবাড়িয়া-তাঁতীবাজার হয়ে চলাচল করবে।

অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত থেকে রাজউক ক্রসিংয়ের দিকে আসা যানবাহন শাপলাচত্ত্বর-দৈনিক বাংলা-ইউবিএল হয়ে চলাচল করবে।

হানিফ ফ্লাইওভারের ইনকামিংয়ের কিছু যানবাহন ইউটার্ন করে হানিফ ফ্লাইওভারের আউটগোয়িং হয়ে চলাচল করবে এবং অন্যান্য যানবাহন শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ হয়ে জিরোপয়েন্ট ইউবিএল/গোলাপশাহ/হাইকোর্ট অভিমুখে চলাচল করবে।

জয়কালী মন্দির ক্রসিং থেকে গুলিস্থানগামী যানবাহন এক লেনে ইত্তেফাক ক্রসিং পর্যন্ত বামে মোড় নিয়ে শাপলা চত্ত্বর-দৈনিক বাংলা হয়ে চলাচল করবে।

ফকিরাপুল ও মতিঝিল সিটি সেন্টার থেকে আসা যানবাহন দৈনিক বাংলা-ইউবিএল/শাপলা চত্বর হয়ে চলাচল করবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা
স্বাধীনতা দিবসের বিশেষ কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে নিচের নির্দেশনা অনুযায়ী যান চলাচল করবে (বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত)

মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং)

মানিক মিয়া অ্যাভিনিউ পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং)

ডাইভারশন পয়েন্টে যান চলাচলে নির্দেশনা
শ্যামলী-মোহাম্মদপুর থেকে আসা যেসব যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্মগেট-বিজয় সরণি অভিমুখে চলাচল করে, সেসব যানবাহন লেক রোড দিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে।

শাহবাগ-সোনারগাঁও থেকে আসা যেসব যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করে, সেসব যানবাহন ফার্মগেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে খেজুরবাগান ক্রসিং হতে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ধানমন্ডি-নিউমার্কেট থেকে আসা যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে গণভবন ক্রসিং দিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে।

মিরপুর রোড হয়ে ধানমন্ডি-নিউমার্কেটগামী যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইউটার্নের পরিবর্তে সরাসরি ধানমন্ডি-নিউমার্কেট অভিমুখে চলাচল করবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com