১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে গোবিপ্রবিতে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে গোবিপ্রবিতে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি
প্রকাশিত: 

আগামী ১৯ নভেম্বর, আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দুই প্লাটুন বিজিবি ও পুলিশের টহল মোতায়েনের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রস্তুতি ও শিক্ষার্থীদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘আল্লাহ ভরসা। নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। ক্যাম্পাসের গেটের সামনে দুই প্লাটুন বিজিবি ও পুলিশের টহল রাখার কথা জানানো হয়েছে।’ এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি উসকানিমূলক কথাবার্তা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান সৌরভ বলেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গতকাল উপাচার্য ও উপ-উপাচার্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। আগামীকাল থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা দৃশ্যমান হবে বলে তাঁরা আশা করছেন। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লাস-পরীক্ষা ও পরিবহনসেবা স্বাভাবিক থাকবে কি না, সে বিষয়ে আগামীকালের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান প্রক্টর।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার জানান, তাঁরা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত ওই আলোচনায় দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানানো হয়েছে। আগামীকাল থেকে সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে সার্বক্ষণিক তৎপর থাকবেন বলেও জানান তিনি।

অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আবাসনসংকটের কারণে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে হয়। ফলে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আলোচিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ক্লাস-পরীক্ষা, পরিবহনসেবা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা চান শিক্ষার্থীরা।