সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগ্রহ প্রকাশ ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর

স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নত সিলেট গড়ার প্রত্যাশা
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগ্রহ প্রকাশ ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর
প্রকাশিত

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই ব্যক্তিত্ব সিলেট নগরীর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বর্তমানে তিনি সিলেট ডায়াবেটিক হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্যখাতে তার এই সম্পৃক্ততা তাকে নগরবাসীর কাছে সুপরিচিত ও গ্রহণযোগ্য করে তুলেছে।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সদর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।

একই সঙ্গে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। সিদ্দিক প্লাজা, সিদ্দিক কনস্ট্রাকশন ও সিদ্দিক ম্যানশন-এর ম্যানেজিং পার্টনার এবং তাশফিয়া এন্টার প্রাইজ-এর স্বত্বাধিকারী হিসেবে তিনি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সমাজসেবামূলক কার্যক্রমেও তিনি সক্রিয়।জালালাবাদ অন্ধ কল্যান হাসপাতাল-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মানবিক সেবায় নিয়োজিত আছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মেয়র পদে নির্বাচন প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, “আমি একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব সিলেট গড়তে কাজ করতে চাই। নগরীর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতা ও সমর্থন পেলে সিলেটকে একটি উন্নত ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।”

এদিকে, তার প্রার্থিতার বিষয়টি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ ও আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ ও সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com