বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা নেত্রকোনায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ড. মো. আনোয়ারুল হক। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে।
বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল আই’- এর জনপ্রিয় অনুষ্ঠান, ‘ভিন্নমতে সহমত- এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকাও প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বন্যা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. আনোয়ারুল হক বলেন, দীর্ঘদিন ধরে খাল ও জলপ্রবাহের পথ দখল এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। এ সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, নেত্রকোনার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় অংশ এখনও অনুন্নত। অনেক সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি জেলার স্বাস্থ্য ও উচ্চশিক্ষা খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন। শিক্ষা খাতের বিষয়ে তিনি বলেন, জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট জটিলতা নিরসনে কাজ চলছে বলে জানান তিনি।
ড. আনোয়ারুল হক বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের প্রতিনিধি। উন্নয়ন কর্মকাণ্ডেও কোনো রাজনৈতিক বিভাজন রাখা হবে না।
কর্মসংস্থান সৃষ্টিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি জানান, নেত্রকোনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে।
সমালোচনা প্রসঙ্গে ড. আনোয়ারুল হক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা স্বাভাবিক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের নিন্দা জানিয়ে তিনি গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন জেলা বিএনপির দায়িত্ব পালন এবং স্থানীয় নেতাকর্মীদের আস্থা তাঁর কাজের প্রধান শক্তি।