নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রিতে

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রিতে
প্রকাশিত

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে পড়েছে তীব্র শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

দিনের বেলায় মিলছে সূর্যের দেখা কিন্তু সন্ধ্যার পর রাতে ঠান্ডার প্রভাব বেশি থাকছে। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের মানুষ।

 আজ রবিবার জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে আবারও বেড়েছে শীতের দাপট। সকালে কুয়াশা কমলেও বেড়েছে ঠান্ডার দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বেড়েছে শীত এবং কুয়াশা। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com