

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন। ভোটদান শেষে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও ভালো রয়েছে। তবে ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রে এসে ভোট দেন। এর আগে একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু ভোটারের টার্নআউট আরও বেশি হওয়া উচিত ছিল।
নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, তিনি শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী। তবে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করা ফলাফল মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভোট কারচুপি ও ফলাফল প্রভাবিত করার আশঙ্কা বরাবরের মতোই রয়েছে বলেও জানান বিএনপির এই প্রার্থী।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মতো ঢাকার বিভিন্ন কেন্দ্রেও ভোটগ্রহণ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে কয়েকটি কেন্দ্রে উল্লেখযোগ্য ভিড়ও দেখা গেছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।