পাবনা অঞ্চলের কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই প্রধান লক্ষ্য: এমপি সেলিম রেজা

পাবনা অঞ্চলের কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই প্রধান লক্ষ্য: এমপি সেলিম রেজা
প্রকাশিত

পাবনা অঞ্চলের কৃষি, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ইতোমধ্যে কিছু কার্যক্রম শুরু হয়েছে এবং কিছু প্রকল্প পরিকল্পনা ও অনুমোদনের পর্যায়ে রয়েছে।

বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল আই’- এর জনপ্রিয় অনুষ্ঠান, ‘ভিন্নমতে সহমত- এ দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য, একেএম সেলিম রেজা হাবিব।

সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাত কাঙ্ক্ষিত গুরুত্ব পায়নি। ফলে দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী এলাকার মানুষ বিভিন্ন উন্নয়ন দাবিদাওয়া নিয়ে জনপ্রতিনিধিদের কাছে আসছেন। সীমিত সম্পদের মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, পাবনা অঞ্চলের অর্থনীতি কৃষি ও মৎস্যসম্পদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে বিল গাজনা এলাকার উন্নয়নকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় সারা বছর পানি সংরক্ষণ, খাল পুনঃখনন, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য জানান, কাজিরহাট-আরিচা ঘাট সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি এখন উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে দীর্ঘমেয়াদি যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা উল্লেখ করে সেলিম রেজা হাবিব বলেন, নতুন করে যুক্ত হওয়া ইউনিয়নগুলোসহ পুরো এলাকায় মানুষের সমস্যা ও প্রত্যাশা জানতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে সরাসরি জবাবদিহিতাকে তিনি গুরুত্ব দেন বলেও জানান।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক ও পরিকল্পনাগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে জনগণের কল্যাণে প্রয়োজনীয় প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর একসময় কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও পরিস্থিতির উন্নয়নে সরকার ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে। নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সেলিম রেজা হাবিব আরও বলেন, নির্বাচনী এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ মাঠ এবং অন্যান্য সামাজিক অবকাঠামোর উন্নয়নেও কাজ করা হচ্ছে। পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের ফলে আগামী দিনগুলোতে পাবনা অঞ্চলের কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং জনগণ এর সুফল ভোগ করতে পারবেন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com