পবা-মোহনপুরকে মডেল আসনে রূপ দিতে চাই: সাংসদ শফিকুল হক মিলন

পবা-মোহনপুরকে মডেল আসনে রূপ দিতে চাই: সাংসদ শফিকুল হক মিলন
প্রকাশিত

ভৌগোলিক বৈচিত্র্য, কৃষিনির্ভর অর্থনীতি এবং সীমান্তঘেঁষা বাস্তবতাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এই অঞ্চলকে একটি মডেল নির্বাচনী এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য।

বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল আই’- এর জনপ্রিয় অনুষ্ঠান, ‘ভিন্নমতে সহমত”- এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব ভাবনা ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

নিজ আসনের ভৌগোলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, উত্তরে মোহনপুর উপজেলা, দক্ষিণে নদী ও চরাঞ্চল এবং ভারতের সীমান্ত, এই মিলিত বাস্তবতায় গড়ে উঠেছে রাজশাহী-৩ আসন। একইসঙ্গে রাজশাহী মহানগরীর বড় অংশ পবা উপজেলার ভেতরে অবস্থিত হওয়ায়, এর অবস্থান আরও কৌশলগত গুরুত্ব বহন করে। জেলার প্রায় সব উপজেলার সঙ্গে পবার সংযোগ থাকায় এটি একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, এটি অনেকটা খেলার মাঠে নেতৃত্ব দেওয়ার মতো, যেখানে দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং মানুষের প্রত্যাশার সমন্বয় করাই মূল চ্যালেঞ্জ। তিনি জানান, জনগণের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়েই তিনি কাজ করতে চান।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, পবা-মোহনপুর এলাকার মানুষের প্রধান জীবিকা কৃষি। তাই কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং রাস্তাঘাটের উন্নয়ন তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, এই খাতকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সাধারণ মানুষের আয় ও সঞ্চয় বাড়ে।

তিনি আরও বলেন, এলাকায় বিদ্যমান বিমানবন্দরকে আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর হিসেবে ব্যবহার করা গেলে কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার ইতোমধ্যে কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যেমন ‘ফ্যামিলি কার্ড’ চালু করা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জীবনমান উন্নয়নের উদ্যোগ এবং রাস্তাঘাট সংস্কারও তার পরিকল্পনার অংশ।

মাদক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তবর্তী হওয়ায় এই এলাকা মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়, যা সমাজের জন্য ভয়াবহ প্রভাব ফেলছে। এ সমস্যা মোকাবিলায় তিনি শিক্ষকদের সম্পৃক্ত করার ওপর জোর দেন এবং বলেন, সচেতনতা তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, “ভিন্নমতের মধ্য দিয়েই সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব।”

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন ধরে অনেক সড়ক সংস্কার হয়নি, যা মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে অন্তত ২০ শতাংশ উন্নয়ন কাজ দৃশ্যমান করা সম্ভব হবে। নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ ভোটার অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

সবশেষে তিনি পবা-মোহনপুরবাসীর উদ্দেশ্যে বলেন, “দলমত নির্বিশেষে, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের হয়ে কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে পবা-মোহনপুরকে একটি মডেল নির্বাচনী এলাকায় পরিণত করা সম্ভব।”

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com