

সংগৃহিত ছবি।
রাজশাহীর চন্দ্রিমা এলাকা থেকে অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার রাতে পাবনা শহর থেকে তাকে উদ্ধার করে র্যাবের একটি দল। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফ কাজীর ছেলে তানজিম খান তাজ ওরফে নিরব (৩০), সুজানগর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের শহিদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালী থানার বড়ংগাইল দক্ষিণপাড়া এলাকার সোলায়মান আলীর ছেলে সজিব হোসেন (২৩) এবং মাইক্রোবাস চালক সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
র্যাব-১২ পাবনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার বিস্তারিত প্রকাশ করেন।
র্যাব কর্মকর্তা জানান, অপহৃত শাকিরা তাসনিম (২৬) রাজশাহীর একটি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তিনি পরিবার নিয়ে নগরের চন্দ্রিমা এলাকায় থাকেন।
গত সোমবার ভোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানাধীন এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের সঙ্গে তার বাবাকেও জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এসময় শাকিরার মা’কে গুরুতর আহত করে অপহরনকারীরা। পরবর্তীতে তারা পথিমধ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে যায়।
পরদিন মঙ্গলবার অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর ওই চিকিৎসককে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব।