সংগৃহিত।

 
দেশ

সাতক্ষীরায় নববধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নিহতের এক আত্মীয় জানান, মাত্র তিন মাস আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়।

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা জেলার মাধবকাঠিতে যৌতুকের টাকা না পেয়ে এক নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই নববধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝাড়ডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম খাদিজা খাতুন (১৯)। তিনি সদর উপজেলার নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালীর মেয়ে। খাদিজার স্বামী একই উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলাম মাধবকাটি গ্রামের এলাহি বক্সের ছেলে।

নারাণজোল গ্রামে নিহতের এক আত্মীয় জানান, মাত্র তিন মাস আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা নেয়ার জন্য খাদিজা খাতুনের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। খাদিজা টাকা আনতে বাপের বাড়ি যেতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুল লাঠি দিয়ে খাদিজার মাথায় আঘাত করেন। এ সময় খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর আমিরুল একরকম উন্মাদের মত হয়ে যান। সকালে বাড়িতে তিনি আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা আমিরুলকে ঘরে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে।