বিএনপির ৩১ দফায় সকল সংস্কার ও অর্থনৈতিক সমৃদ্ধির দিকনির্দেশনা আছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতাকর্মীদের বলেছেন, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন।
মঙ্গলবার সকালে সাতক্ষীরার লেক ভিউ কমিউনিটি সেন্টারে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ‘৩১ দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে উত্তরণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।’
ওই কর্মশালায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কাজী আলাউদ্দীন ও ডা. শহিদুল আলমসহ প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে আগত বিএনপির উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকর রহমান রুমন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার বানু, মাহবুবা হাবিবা, বজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারেক রহমান দলীয় নেতাকর্মীদের দাবির সঙ্গে একমত পোষণ করে জলাবদ্ধতা নিরসনে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননে কাজ করবেন বলে জানিয়েছেন।