ঢাকা বিভাগ

ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী রোববার (৫ এপ্রিল) পর্যন্ত এ অভিযান চলবে।

এজন্য সড়ক ও ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ী ও দোকান মালিকদের আগেই তাদের মালামাল সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আরিফা জাহান প্রীতি জানান, রাজধানীর আটটি বিভাগজুড়ে এ অভিযান পরিচালিত হবে। বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালাবেন।

তিনি বলেন, "রাজধানীর আটটি বিভাগে বিশেষ এ অভিযান চলবে। প্রথম দিন বুধবার বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অন্তত ৫০টি স্থানে অভিযান পরিচালনা করবেন, যাতে ঢাকার ফুটপাতগুলো পথচারীবান্ধব হয়।"

তিনি আরও বলেন, নিয়ম ভঙ্গকারীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে এবং ফুটপাত ও সড়কে রাখা পণ্য জব্দ করা হবে।

২৩ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ফুটপাত ও সড়ক দখল করে আছে।

এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, শোরুম, ওয়ার্কশপ ও ভাসমান দোকান—যারা ফুটপাত ও সড়কে পণ্য, গ্রিল, চুলা, চেয়ার ও অস্থায়ী কাঠামো বসিয়ে রাখছে।

এ ধরনের দখলের কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে সড়কে চলতে বাধ্য হন, এতে জনভোগান্তি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।

নগরবাসীর চলাচল সহজ করতে সব ব্যবসাপ্রতিষ্ঠানকে ফুটপাত ও সড়কে রাখা যেকোনো সামগ্রী দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ (১ এপ্রিল) থেকে ডিএমপির মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট দলগুলো যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।