ঢাকা জেলা

সংসদের প্রথম অধিবেশন: বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি সড়কে ডাইভারশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে ডাইভারশন দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অধিবেশন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। এ কারণে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে।

সাময়িক যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ১২ মার্চ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

ডাইভারশন ও বিকল্প সড়ক:

ইন্দিরা রোড → বেগম রোকেয়া সরণি:

ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন উড়োজাহাজ মোড়ে ডানে না ঘুরে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে যাবে।

মানিক মিয়া এভিনিউ → বেগম রোকেয়া সরণি:

মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

এ সময় সকল প্রকার যানবাহন চালকদের যানজট এড়াতে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।