ঢাকা জেলা

তেজগাঁওয়ে অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল (৪৫), একই ওয়ার্ড তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন (৩২), আদাবর থানা মহিলা আওয়ামী লীগের সদস্য শিউলী (৫০), তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম সরদার (৩২), স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াজ (২৬), ছাত্রলীগের সমর্থক জাকির হোসেন (২৯) ও সক্রিয় কর্মী মো. তানিন ভূঁইয়া (২৪)।

এ ছাড়া তেজগাঁও থানার ১০ নম্বর ইউনিট, ২৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. জলিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মীরজাদি আফরোজা, পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন আকন্দ, কাশিয়ানী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নুরুল আমিন তুহিন (৫৫), কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহকারী অর্থ সম্পাদক বিল্লাল হোসেন (৪১), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল ছাত্রলীগের সভাপতি জাকারিয়া শাওন (২৬) এবং ছাত্রলীগের সদস্য সাওম আহমেদ সীমান্ত (২৩) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার অন্যরা হলেন মারুফ হোসেন (২৫), দেলোয়ার (২২), মাকসুদ (৩৬), কবীর হোসেন (৩৮), বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তানভীর আহমেদ (৩২) ও মো. রুবেল (২৮)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপ, নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং এসব কর্মকাণ্ডে অর্থ ও অন্যান্য সহযোগিতা দেওয়ার অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।