গোপালগঞ্জ জেলা

গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ, মিছিল ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতির অবনতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আপাতত সতর্ক অবস্থানে রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে তাঁর স্থলে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জে দলটির নেতা-কর্মীদের বিভিন্ন সময়ে বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা হওয়ায় রাজনৈতিকভাবে এলাকাটির বিশেষ গুরুত্ব রয়েছে।

সাম্প্রতিক কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার তাঁদের একাংশকে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ক্ষতিগ্রস্ত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, রোববার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের জনবল বাড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে বড় ধরনের বলপ্রয়োগের পথে যেতে চায় না সরকার। বরং পরিস্থিতির গতিপ্রকৃতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকার কোনোভাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না। একই সঙ্গে তাৎক্ষণিক বলপ্রয়োগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি হামলা বা সহিংসতা বাড়ানোর চেষ্টা করেন, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।