গোপালগঞ্জ জেলা

হামলা-ভাঙচুরের পর দুই দিন বন্ধ গোবিপ্রবি

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তাশঙ্কায় আগামী ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বাস চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। এর মধ্যে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও পরিবহন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান জানিয়েছিলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে দুই প্লাটুন বিজিবি ও পুলিশের টহলের বিষয়ে আলোচনা হয়েছে। প্রক্টর ড. এস এম আহসান সৌরভও জানিয়েছিলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে আজ থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের কথা থাকলেও তা এখনো দৃশ্যমান হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আবাসন সংকটের কারণে ক্যাম্পাসের বাইরে অবস্থান করা শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত।

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁদের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।