ছবি: সংগ্রহীত

সিরাজগঞ্জ জেলা

দুই ভাগনেকে হত্যার দায়ে মামার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের চৌহালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাগনেকে হত্যার দায়ে মামাসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ড পাওয়রা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের নাছির উদ্দিন (৪০) ও সহিদুল ইসলাম সাচ্চা (৫০) এবং একই গ্রামের ইসরাফিল হোসেন (৬৫)।

মামলা সূত্রে জানা যায়, ইউপি সদস্য শিরিন সুলতানার স্বামী রফিকুল ইসলাম বকুলের সঙ্গে তার চাচাতো বোনের ছেলে মিল্টন হোসেনের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকেলে কাউছারকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নেন বকুল ও তার স্বজনরা। সেখানে তাদের মধ্যে সেই জমি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামা বকুল, মামীসহ স্বজনরা লাঠিসোঁটা নিয়ে কাউছারকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে কাউছারের বড় ভাই মিল্টনসহ স্বজনরা সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় কাউছার ও মিল্টন গুরুতর আহত হন। তাদের উদ্ধার ঢাকা নেওয়ার পথে কাউছারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মিল্টনকে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর ১টার দিকে তারও মৃত্যু হয়।

এ ঘটনায় ওই বছরের ৮ ডিসেম্বর নিহতদের মা মোছা. হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৬ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ দুপুরে এ রায় দেন।