পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনের উন্নয়ন, সম্প্রীতি রক্ষা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও তরুণদের কর্মসংস্থান নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন, পঞ্চগড়-২ আসনের সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল আই’- এর জনপ্রিয় অনুষ্ঠান, ‘ভিন্নমতে সহমত’- এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, নির্বাচনের পরও সেভাবেই মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান, সব ধর্মের মানুষ যেনো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটিই আমার অন্যতম প্রধান অঙ্গীকার। কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি বিবেচনা না করে এলাকার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে চাই।
আঞ্চলিক উন্নয়নে পদক্ষেপ বা ভাবনা জানতে চাইলে তিনি বলেন, দেবীগঞ্জে প্রায় ২০০ একর জায়গাজুড়ে একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
এছাড়া, পঞ্চগড়ে আধুনিক হাসপাতালের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে এই প্রতিমন্ত্রী জানান, দিনাজপুরের কাহারোলে ১৩ কিলোমিটার খাল খননের কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশের ৬৪ জেলায় নদী, খাল ও জলাশয় খননের জন্য ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন,জিয়াউর রহমানের সময় যেভাবে খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমানেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, তরুণ সমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরহাদ হোসেন বলেন, মাদক, ক্যাসিনো ও অনলাইন জুয়ার মতো আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে হবে। আমি মনে করি, একটি সন্তান বিপথে গেলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এজন্য শিশু-কিশোরদের খেলাধুলামুখী করতে এবং ডিজিটাল আসক্তি কমাতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন তিনি।
পাশপাশি, তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে, কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, তরুণদের টেকনিক্যাল ও কারিগরি দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। এতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।
রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চান। জেলা সফরে গেলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে শান্তি-শৃঙ্খলা বিষয়ক বৈঠক করেন বলেও জানান তিনি।
সাক্ষাৎকারের শেষ দিকে নিজের স্থানীয় ভাষায়, দেবীগঞ্জ ও বোদার মানুষের সন্তান হিসেবেই কাজ করা এবং এলাকার প্রতিটি মানুষের উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।