গতকাল (১৯.১১.২৬) ‘ভিন্নমতে সহমত’ মঞ্চে হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ ভিন্নমতের প্রতি তাঁর সম্মান জানান। একই সাথে তিনি জানান যে, বিগত সরকারের সময় কী অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছে। নিতান্তই মিথ্যা মামলায় ২৬ মাসের জেল এমনকি সেলে হত্যার চেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার মধ্যেও তিনি জেলে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হন। তবে তিনি বলেন, তিনি আর চান না এমন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আসুক। রাজনৈতিক প্রতিযোগিতা এবং দেশের নানান মতাদর্শের ও আদর্শের মানুষের ভিন্ন ভিন্ন মত থাকা খুবই সাধারণ এবং স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু দেশের কল্যাণে, মানবতার কল্যাণে প্রত্যেক মতামতকে সম্মান করে দেশের উন্নতিতে এগিয়ে যেতে হবে।
হবিগঞ্জের সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বৃন্দাবন কলেজের অবকাঠামো উন্নয়নের প্রকল্পের কথা উল্লেখ করেন। এছাড়া হবিগঞ্জে যে নতুন শিল্পায়নের সৃষ্টি হয়েছে, তার জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করছে বলেও তিনি জানান। লাখাই উপজেলার সাথে ঢাকার সংযোগ সড়কটি ১৮ ফুট থেকে ৩৬ ফুট অর্থাৎ ডাবল লেনে উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।
জনগণের প্রত্যাশার প্রশ্নে তিনি আনন্দের সাথে জানান, সরকারের আন্তরিকতা দেখে জনগণের প্রত্যাশা বেড়ে গেছে। একই সাথে তিনি দৃঢ় কণ্ঠে জানান, তাঁর দল কোনোভাবেই কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি।
সাধারণ মানুষের সাথে প্রশাসনের সমন্বয়ে সরকারের ভূমিকা প্রসঙ্গে জি কে গউছ তাঁর প্রচেষ্টার কথা জানান। উদাহরণস্বরূপ তিনি বলেন, সরকার থেকে ঈদের যে ভাতা হবিগঞ্জ-৩ আসনের অসহায় মানুষের কাছে বিতরণের জন্য দেওয়া হয়েছিল, তা তিনি তাঁর অঞ্চলের ডিসি মহোদয়কে সঙ্গে নিয়ে একসাথে দাঁড়িয়ে এক হাজার মানুষের মাঝে বিতরণ করেন।
জবাবদিহিতার প্রশ্নে তিনি তাঁর অনন্য উদ্ভাবনের কথা জানান। ২০০৪ সালে তিনি ‘জনতার মুখোমুখি পৌর পরিষদ’ নামক একটি জবাবদিহিতার মঞ্চ তৈরি করেন, যেখানে জনগণ সরাসরি প্রশ্ন করতে পারতেন কত টাকা কোথায় খরচ করা হচ্ছে। এমন উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয় এবং একই সাথে মেয়র হিসেবে দৃষ্টান্তমূলক কাজের জন্য তিনি ফিলিপাইনে স্বর্ণপদক পান। এক কথায় জবাবদিহিতার উত্তরে তিনি বলেন, “রাষ্ট্রের যা কিছু, সবকিছুর মালিক জনগণ।”
বিরোধী দলকে সম্মানের উদাহরণ হিসেবে তিনি জানান, নির্বাচিত হওয়ার পরপরই তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর বাসায় যান এবং বলেন, “ভাই, আপনি মানুষের কল্যাণে জনগণকে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবটাই আমি গ্রহণ করলাম; আপনি বলবেন কোনটা আগে করব, কোনটা পরে।”