বাংলাদেশ বেতার, বরিশালে কর্মরত ২৮তম বিসিএস (তথ্য) ক্যাডারের উপ-আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে মাদারীপুরে নিজ বাসভবনে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ২৮তম বিসিএস ফোরাম। সংগঠনটির সভাপতি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তাঁরা বলেন, শফিকুল ইসলাম কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা ও দক্ষ পেশাজীবীকে হারিয়েছে। তাঁর এই অকালপ্রয়াণ অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য কামনা করেন ২৮তম বিসিএস ফোরামের নেতারা।