মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার (১০ মার্চ) এশিয়ার প্রারম্ভিক লেনদেনে বৈশ্বিক তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ সময় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে আসে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। তবে দাম কমলেও সংঘাত শুরুর সময়ের তুলনায় তেলের দাম এখনো প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।
এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চলমান যুদ্ধ “খুব শিগগিরই” শেষ হয়ে যাবে। তার এই মন্তব্যের পরই তেলের বাজারে প্রভাব পড়ে।
তেলের দাম কমার ফলে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে এশিয়ার অনেক দেশ। ফলে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এর আগে এ অঞ্চলের শেয়ারবাজারে বড় ধাক্কা লাগে। এখন দাম কিছুটা কমায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।