অর্থনীতি

আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড আয়োজন করে ‘করপোরেট নাইট ২০২৬’

নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

নিজস্ব প্রতিবেদক

গত ১৯ নভেম্বর (শনিবার) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত হয় ‘করপোরেট নাইট ২০২৬’। সেখানে দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড।

দেশের নির্মাণসামগ্রী ও অবকাঠামোগত উন্নয়নে অভূতপূর্ব অবদানের জন্য এই সম্মাননা পেয়েছেন দেশের বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা।

তাঁরা হলেন—
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ,
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম,
অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর,
অধ্যাপক ড. খান মাহমুদ আমানত,
অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী,
সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া,
সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন,
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক। 

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। আজকের এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাঁদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাঁদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ।” 

এই দিনটিতে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডের ঝুলিতেও জমা হয় নতুন অর্জন। গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়।

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।” 

এবারের করপোরেট নাইট আলোকিত করে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ আকিজ রেডিমিক্সের গ্রাহক, স্বনামধন্য প্রকৌশলী, স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা।

আয়োজনটির প্রতিপাদ্য ছিল ‘দ্য আর্ট অব কংক্রিট’। আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।