স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন করতে চায় সরকার। আগামী বাজেটেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আসছে বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উদ্যোগে 'স্বাস্থ্য খাতের বাজেট' বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এ তথ্য জানান।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, প্রতিবছর স্বাস্থ্যখাতের বরাদ্দের একটা বড় অংশ অব্যবহৃত থেকে যায়। এজন্য আগামী বাজেটে নির্দিষ্ট খাত উল্লেখ করে বরাদ্দ থাকবে।
জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায়, ইউনিয়ন, উপজেলা ও জেলাপর্যায়ে সেবা আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক তার স্বায়ত্বশাসনের আওতায় রাষ্ট্রায়াত্ত ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে থাকে। সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করে না।