অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে অনিশ্চয়তা, সোমবার প্রস্তাব দেবে মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি নিয়ে চলমান আলোচনার মধ্যে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে মালিকপক্ষ। শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানোর পর এবার মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

তবে মজুরি পুনর্নির্ধারণের আলোচনা চললেও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। অন্যদিকে, সাভার-আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মস্থল ত্যাগ করেন।

এ পরিস্থিতিতে গাজীপুর ও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ২০০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ার সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।

এদিকে, চলমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আগামী শনিবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় যেসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম চালু করতে অনীহা প্রকাশ করবেন, সেসব কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখার বিষয়টি আলোচনায় আসতে পারে। এ ধারায় 'কাজ নেই, মজুরি নেই' নীতি অনুসরণের সুযোগ রয়েছে।

এ ছাড়া শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণ স্থগিত রাখার বিষয়েও মালিকপক্ষ সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে একদিকে নতুন মজুরি নির্ধারণের আলোচনা, অন্যদিকে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দুইয়ের প্রভাবে দেশের তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।