পুরনো বছরের আবর্জনা ঝেড়ে ফেলে বাঙালি বরণ করে নিল নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এবং সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
বর্ষবরণের প্রথম প্রহরে সূর্য ওঠার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সরোবর এলাকা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল জানান দেয় বাঙালির সংস্কৃতিপ্রীতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শিল্পীর কণ্ঠে শুরু হয় সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।
‘ওঠো ওঠো ওঠোরে’ গানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা–এর সঙ্গে হাজারো শিল্পী। এছাড়াও গান পরিবেশন করেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, স্বাতী সরকার প্রমুখ।
শিল্পী কোনাল পরিবেশন করেন বাউল সাধক শাহ আবদুল করিম–এর গান। আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে, নতুন বছরকে স্বাগত জানিয়ে।
এর আগে সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে একই স্থানে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির বিশেষ আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ ও স্বাতী সরকার। আবৃত্তিতে অংশ নেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া।
নৃত্য পরিবেশনায় ছিলেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সামান্তা ইসলাম ও সানজিদা।
বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন।