প্রবাস

প্রবাসী কর্মীদের জন্য কঠোর নীতিমালা করছে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

বিদেশি কর্মীর সংখ্যা কমিয়ে স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে নতুন নীতিমালা গ্রহণের পথে এগোচ্ছে মালয়েশিয়া সরকার। তবে এই উদ্যোগে দক্ষ বিদেশি কর্মীদের দেশত্যাগের আশঙ্কা তৈরি হয়েছে।

আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মালয়েশিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন থেকে বিদেশি কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হবে। পাশাপাশি তাদের থাকার মেয়াদ ৫ বা ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

দেশটির সরকারের দাবি, কম দক্ষ বিদেশি শ্রমিকের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের উৎপাদনশীলতা ও প্রযুক্তিগত উন্নয়নে বাধা সৃষ্টি করছে। নতুন পরিকল্পনায়, ২০৩৫ সালের মধ্যে মোট কর্মশক্তিতে বিদেশিদের অংশ ১৪ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিতে কর্মসংস্থানের বিভিন্ন ক্যাটাগরিতে ন্যূনতম মাসিক বেতন ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার রিঙ্গিত, ৫ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত এবং ১০ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত নির্ধারণের প্রস্তাব রয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত অনেক প্রবাসী এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন।

অর্থনীতিবিদদের মতে, স্থানীয়দের দক্ষতা উন্নয়ন না হলে শুধু বিদেশি কর্মী কমিয়ে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে। একই সঙ্গে, মাঝারি পর্যায়ের দক্ষ প্রবাসী কর্মীদের ওপর এই নীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে।