স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের হামের উপসর্গ ছিল।

এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। আরও ৬ হাজার ৮৮৩ শিশুর হামের উপসর্গ রয়েছে।

এদিকে, ঢাকা বিভাগে হামে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে। এর পরের স্থানে আছে রাজশাহী বিভাগ।