ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এদেওয়া এক পোস্টে জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না' ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা ফের চালু করার জন্য তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে—এমন খবরও অস্বীকার করেছেন আলি লারিজানি।
দেশটির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি এমন সময় এ মন্তব্য করলেন যখন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানি এক্স-এ আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'মিথ্যা আশা' দিয়ে 'এই অঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি মার্কিন সেনাদের আরও প্রাণহানি নিয়ে বিচলিত হয়ে পড়েছেন।'
লারিজানি আরও বলেন, 'নিজের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাম্প তার স্বঘোষিত "আমেরিকা ফার্স্ট" স্লোগানকে "ইসরায়েল ফার্স্ট"-এ রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণ করতে মার্কিন সেনাদের জীবন বিসর্জন দিচ্ছেন।'
নিহত সর্বোচ্চ নেতা খামেনির অন্যতম প্রধান এই উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী 'আগে কোনো আগ্রাসন শুরু করেনি'।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, পরমাণু আলোচনা ফের শুরু করার জন্য ওমানের মধ্যস্থতায় মার্কিনীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন লারিজানি।