আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আটক করা ইরানের জাহাজে চীনের পাঠানো উপহার থাকতে পারে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি জাহাজ আটক করা হয়েছে যাতে চীন থেকে পাঠানো ‘উপহার’ থাকতে পারে। তবে তিনি কোন জাহাজের কথা বলছেন, তা স্পষ্ট করেননি এবং হোয়াইট হাউসও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

মঙ্গলবার সিএনবিসি-র ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা গতকাল একটি জাহাজ আটক করেছি, যাতে কিছু জিনিস ছিল যা খুব একটা ভালো নয়। হয়তো এটি চীন থেকে পাঠানো উপহার, আমি নিশ্চিত নই।’

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ও বোঝাপড়া রয়েছে বলে তিনি মনে করেছিলেন।

এর আগে সিএনএন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

চীন যদি ইরানে অস্ত্র পাঠায় তবে এর পরিণতি ভোগ করতে হবে বলে ট্রাম্প আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে মঙ্গলবার তিনি বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন সুরে বলেন, ‘ঠিক আছে, এভাবেই তো যুদ্ধ চলে।’

আগামী মাসে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে।

সূত্র: সিএনএন