আন্তর্জাতিক

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালো ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

মার্কিন-ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অপরাধী শত্রু আবারও সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং চলমান আলোচনার মধ্যেই আমাদের প্রিয় মাতৃভূমিতে হামলা চালিয়েছে।’

বিবৃতিতে দেশের সব প্রদেশের গভর্নরদের পূর্বে জারি করা নির্দেশনা পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রদেশগুলোর পরিস্থিতি সম্পর্কে ‘তাৎক্ষণিক’ প্রতিবেদন পাঠানো এবং জনগণের জরুরি প্রয়োজন মেটাতে সব ধরনের সুযোগ-সুবিধা ও সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসরায়েলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।

আইআরজিসি বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধী শক্তির আগ্রাসনের জবাবে দখলকৃত ভূখণ্ডের দিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ঢেউ শুরু হয়েছে।’

তবে হামলার পর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, চলমান উত্তেজনা নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে।

সূত্র: আল জাজিরা