আন্তর্জাতিক

জোর করে হারানো হয়েছে আমাদের, নৈতিক জয় তৃণমূলেরই: মমতা

নিজস্ব প্রতিবেদক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানায় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি তারা মনে করে জোর করে জিতবে এবং আমি গিয়ে পদত্যাগপত্র দেবো, তা হবে না। আমরা নির্বাচনে হারিনি। আমাদের জোর করে হারানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের হারিয়েছে। কিন্তু নৈতিকভাবে আমি বলছি, আমরা নির্বাচন জিতেছি।’

তিনি বলেন, ‘আমি একজন কম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বাঁচতে চাই। আমি ক্ষমতার চেয়ার নিয়ে ভাবি না। আমি শুধু মানুষের কথা ভাবি। আমি চাইলেও আমার আর বিধানসভায় যাওয়া উচিত না।’

একই সংবাদ সম্মেলনে সহিংসতার অভিযোগও তোলেন মমতা।

তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে আমাদের দলের কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দখল করা হয়েছে।’

মমতা বলেন, ‘এমনকি গতকাল আমাদের সদর দপ্তর দখলের চেষ্টাও হয়েছে, যার মধ্যে অভিষেকের কার্যালয়ও রয়েছে। সেখানে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যথেষ্ট নির্বাচিত সদস্য রয়েছে। এ ধরনের ভয়ভীতি ও সহিংসতার আশ্রয় নেওয়া হলে চুপ করে থাকবো না।’