গ্রিনল্যান্ডে একটি “বিরাট হাসপাতাল জাহাজ” পাঠাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে বহু অসুস্থ মানুষ আছেন, যাদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না-এমন দাবি করেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “আমরা গ্রিনল্যান্ডে একটি বিরাট হাসপাতাল জাহাজ পাঠাচ্ছি, সেখানে অনেক অসুস্থ মানুষ আছেন, যাদের দেখভাল করা হচ্ছে না। এটি পথে আছে!!!”
তবে তিনি কার কথা উল্লেখ করছেন বা কতজন মানুষ এই জাহাজ থেকে সেবা পাবেন—সে বিষয়ে বিস্তারিত জানাননি।
ট্রাম্প আরও জানান, লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি-এর সঙ্গে কাজ করে তিনি এই জাহাজ পাঠাচ্ছেন। গত ডিসেম্বরে ট্রাম্প ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডে তার দূত হিসেবে নিয়োগ করেছিলেন।
ডেনিশ আর্কটিক কমান্ডের উদ্ধার অভিযান
ট্রাম্পের পোস্টের আগে ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানায়, তারা জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় এক মার্কিন সাবমেরিন নাবিককে উদ্ধার করেছে। সাবমেরিনটি গ্রিনল্যান্ডের জলসীমায়, রাজধানী নুক থেকে সাত নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। এখনও পরিষ্কার নয়, হাসপাতাল জাহাজটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ড কর্তৃপক্ষের অনুরোধে পাঠানো হচ্ছে কি না।
নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা
এই ঘোষণা এমন সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন ও ইউরোপের মধ্যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চলছে। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড খনিজসম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চল। এটি স্বশাসিত হলেও এখনো ডেনমার্কের রাজ্যের অংশ।
ট্রাম্প বহুবার বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি এটি অধিগ্রহণ করতে চান। প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়েছিলেন তিনি। এতে ওয়াশিংটন ও তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বেড়েছে।
পরে ন্যাটো মহাসচিব মার্ক রুট-এর সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছানোর পর ট্রাম্প তার ভাষা কিছুটা নরম করেন। ওই সমঝোতার মাধ্যমে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়।
এর মধ্যেই ডেনমার্কের রাজা দশম ফ্রেডেরিক সম্প্রতি গ্রিনল্যান্ড সফর করেছেন। এক বছরের মধ্যে এটি তার দ্বিতীয় সফর, যা ট্রাম্পের অধিগ্রহণের চাপের মুখে দ্বীপটির সঙ্গে সংহতি প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।