রাজধানীর মতিঝিলে ছিনতাইয়ের চেষ্টার সময় মো. আলামিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনের সড়কে অভিযান চালায় এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে আলামিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন উদ্ধার করা গাঁজা নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি সেবনের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।