রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, মাদকদ্রব্য, একটি বাস, ব্যাংক কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৪৬, গুলশানে ৪৫ ও উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন এবং এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।