রাজধানীর মিরপুরে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। তাদের বিরুদ্ধে ডিসেম্বরে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিসেম্বরে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। ওই অডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে পুলিশের দাবি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে মামুন অর রশীদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামুন অর রশীদ জানান, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন তিনি।
পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসেন বলে তার জবানবন্দির বরাতে জানিয়েছে পুলিশ। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করতেন বলেও দাবি পুলিশের।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।