রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১৪৭ জন, গুলশানে ৫০ জন এবং উত্তরা বিভাগে ৫৫ জন রয়েছেন। এ ছাড়া স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি ককটেল, ককটেলের বিস্ফোরিত তিনটি অংশ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএমপি। অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যের ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।