অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, বোমা, বিস্ফোরকদ্রব্য ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৩, ওয়ারী বিভাগে ৬০, মতিঝিল বিভাগে ৬৪, তেজগাঁও বিভাগে ১০০, মিরপুর বিভাগে ১১৭, গুলশান বিভাগে ৪১ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা এবং বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

এ ছাড়া এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।