রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্টের রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা। এ সময় আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে, ঈদের আগেই চার্জশিট দেয়া হবে। ঈদের পর শুরু হবে বিচার।
তিনি আরও বলেন, ‘ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। সেইসঙ্গে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে।’
মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদনের জন্য হাইকোর্টে গেলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কাজ করছে সরকার। একইসঙ্গে নেত্রকোনার মেঘলার ঘটনাও মনিটর করছে সরকার।’
এর আগে বৃহস্পতিবার ( ২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে আসেন রামিসার পরিবারকে।