রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এহসার সদস্য আহসান জহীর খান (৫০) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭:০০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আহসান জহীর খান নব্য জেএমবি’র সক্রিয় সদস্য । তিনি ও তার অপরাপর পলাতক সহযোগীগণ নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিল। তারা অনলাইন প্লাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্ন অ্যাপস দ্বারা গ্রুপ চ্যাট, পার্সোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্ম নামে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতো।
গ্রেফতারকৃত আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।