অপরাধ

আজিমপুরে অভিযান: আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে লালবাগ থানার আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার সোহরাব হোসেন সুমন মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

পুলিশ আরও জানায়, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেফতার ব্যক্তিরা। পরদিন ১৪ নভেম্বর আজিমপুরে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে একটি গোপন বৈঠক চলাকালে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।