অপরাধ

আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

যশোরে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ট্রাক, বালু বিক্রির ১২ হাজার টাকা এবং চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

রোববার (২৪ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত যশোর শহর ও মনিরামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- যশোর শহরের বকচর পূজামণ্ডপ এলাকার মৃত সুবাষ চন্দ্রের ছেলে পার্থ কুমার, মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের পশ্চিমপাড়ার নূর আলী বিশ্বাসের ছেলে আব্দুস সালাম ওরফে শামিম ও একই উপজেলার মোহনপুর পোস্ট অফিসপাড়ার মুন্তাজ সরদারের ছেলে মো. আলম।

জেলা ডিবির ওসি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া জানান, মালেক সরদার নামে এক ট্রাক চালককে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে যশোরের খাজুরায় বালু আনার জন্য ভাড়া করা হয়। ট্রাকটি বাঘারপাড়ার বন্দবিলা এলাকায় পৌঁছালে তাকে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ট্রাক ছিনতাই করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাঘারপাড়া থানায় মামলা দায়ের করলে ডিবির এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি অভিযানিক দল খাজুরা ও মনিরামপুর এলাকায় অভিযান চালায়। এসময় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা পার্থ কুমারের নামে চুরিসহ দুইটি মামলা চলমান রয়েছে। শামিমের নামে চুরি, মানব পাচার ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।