দেশের তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক চর্চা ও সৃজনশীল বিকাশকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে জাতীয় পর্যায়ের ব্যতিক্রমধর্মী এক উৎসব, ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভাল: You Be You: Find Your Flow’। দেশের শীর্ষ ওয়েলনেস প্ল্যাটফর্ম দ্য ফ্লো ফেস্ট এবং প্রাইম NOW-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে ২২-২৩ এপ্রিল, ২০২৬ তারিখে।
রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি-এর মাল্টিপারপাস হলে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এই আয়োজন। আয়োজকদের মতে, দেশের ১০টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এটি শুধু একটি উৎসব নয়, বরং তরুণ প্রজন্মের জীবনধারা, মানসিক চাপ এবং আত্ম-অন্বেষণ নিয়ে একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হবে।
মূল উৎসবের আগে ১২ এপ্রিল ঢাকার Tudo রেস্টুরেন্টে আয়োজন করা হয় একটি বিশেষ মিডিয়া লাঞ্চ। প্রচলিত প্রেস ব্রিফিংয়ের বাইরে গিয়ে এই আয়োজনে সাংবাদিকরা সরাসরি অংশ নেন ব্রিদওয়ার্ক ও স্টোরিটেলিং সেশনে। একইসঙ্গে তুলে ধরা হয়, উৎসবের মূল দর্শন এবং সংশ্লিষ্ট উদ্যোগগুলো, যার মধ্যে রয়েছে ন্যাশনাল ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে এক ধরনের ‘নীরব মানসিক স্বাস্থ্য সংকট’-এর মধ্য দিয়ে যাচ্ছে। অনেক তরুণ বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও ভেতরে ভেতরে মানসিক চাপ, একাকীত্ব ও ক্লান্তির সঙ্গে লড়াই করছে। এই বাস্তবতা থেকেই এই উদ্যোগের সূচনা।
দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা, শাজিয়া ওমর বলেন, এই উৎসব এমন একটি জায়গা তৈরি করতে চায়, যেখানে তরুণরা থামতে পারবে, নিজেকে নতুনভাবে বুঝতে পারবে এবং নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারবে। তাঁর ভাষায়, এটি কোনো প্রচলিত সেমিনার বা লেকচার নয়; বরং একটি বাস্তব অভিজ্ঞতা, যেখানে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের প্রতিফলন।
দুই দিনব্যাপী উৎসবে অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে পারবেন, যার মধ্যে রয়েছে-
যোগব্যায়াম ও শারীরিক অনুশীলন
মেডিটেশন ও শ্বাস-প্রশ্বাস চর্চা
আর্ট-ভিত্তিক হিলিং সেশন
সংগীত ও সৃজনশীল কার্যক্রম
গাইডেড ওয়েলনেস ওয়ার্কশপ
আয়োজকরা জানিয়েছেন, এসব কার্যক্রমে অংশ নিতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই; অংশগ্রহণের আগ্রহই যথেষ্ট।
উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট’।
“Stop Hiding Your Feelings. Express. Share. Heal.” এই প্রতিপাদ্যে শিক্ষার্থীরা ছবির মাধ্যমে তাদের অনুভূতি ও নিরাময়ের গল্প তুলে ধরতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬।
দ্য ফ্লো ফেস্টের কার্যক্রম মূলত চারটি ভিত্তির ওপর দাঁড়িয়ে- মাইন্ডফুলনেস, মুভমেন্ট, ক্রিয়েটিভিটি ও কমিউনিটি। বিভিন্ন যোগব্যায়াম সেশন, কর্পোরেট ওয়েলনেস প্রোগ্রাম এবং বৃহৎ পরিসরের ইভেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে একটি সুস্থ ও সংযুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আয়োজকদের মতে, এই জাতীয় যুব ওয়েলনেস ফেস্টিভাল তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্যোগ।
সার্বিকভাবে, এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং তরুণদের মানসিক সুস্থতা, আত্ম-অন্বেষণ এবং সামাজিক সংযোগের একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।