উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজিক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
রোববার (২৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১২ সালে উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়। এ ইউনিটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে একটি স্ট্র্যাটেজিক কমিটি রয়েছে।
উক্ত স্ট্র্যাটেজিক কমিটিতে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. মো. সাইমুম পারভেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ড. সাইমুম পারভেজ তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের স্ট্র্যাটেজিক কমিটিতে দায়িত্ব পালন করবেন।