আসন্ন ঈদকে সামনে রেখে নৌযাত্রা শতভাগ নিরাপদ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১০ মে) সকালে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ঈদে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না। নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লঞ্চ মালিকদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আমাদের নৌপথ অনেকটাই প্রকৃতির উপহার। এটিকে নিরাপদ ও সমৃদ্ধ করতে হলে শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এদিকে অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ঈদে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন কোনো নৌযান চলতে দেয়া হবে না। এ বিষয়ে নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ছোট ছোট নৌপথে এখনও কিছু অনুমোদনহীন নৌযান চলাচল করে। নৌপুলিশ ও কোস্ট গার্ড সদস্যদের অনুরোধ করব, বিষয়টি সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখতে।