জাতীয়

দুই মাসে সারা দেশে ৬৬৬ ধর্ষণ মামলায় ৫৩০ জন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সারা দেশে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

হত্যা মামলায় সন্দেহভাজন ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। 

এর মধ্যে হত্যা মামলার ১১ জন ও ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধসংক্রান্ত সব মামলায় কঠোর শাস্তি নিশ্চিত করতে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। দ্রুত প্রমাণ সংগ্রহ ও চার্জশিট দাখিল করা হচ্ছে।’

আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভূমি দখল, চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রম জঘন্য অপরাধ। এগুলো সমাজ ও রাষ্ট্রের মারাত্মক ক্ষতি করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে তাদের অনুগত সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভূমি দখল, জলাশয় ও বালুমহালের অবৈধ নিয়ন্ত্রণ, বিভিন্ন খাতে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।’

‘বর্তমান সরকার এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অল্প সময়ের মধ্যেই অনেক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। যার ফলে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে,’ মন্ত্রী বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ পুলিশের বর্তমানে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৭৪৫টি পুলিশ, ৮ হাজার ৪৭টি নন-পুলিশ ও ২ হাজার ৭৬২টি আউটসোর্সিং নন-পুলিশ পদ। নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি), ৪ হাজার নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবল।

‘ইতোমধ্যে ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। সরাসরি ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে,’ বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্দেশনায় পুলিশ বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।’