জাতীয়

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)- এর প্রধান হিসেবে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় ৫ এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।

কর্ম জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, পুলিশ সুপার নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলা সমূহ, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেট এর দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সাথে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দফায় চাকরি হারান তিনি। পরে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে পুনরায় চাকরিতে ফেরেন। সর্বশেষ ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আবারও চাকরিতে পুনর্বহাল হন।

অতিরিক্ত আইজিপি মহোদয়ের সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। পুত্র KUET এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং কন্যা BUET এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত।